RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ৮ · দ্বিতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, জেলা কমিটি, ইত্যাদি
ধারা৮

জেলা কমিটির দায়িত্ব ও কর্তব্য

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

৮৷ জেলা কমিটির দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:-

(ক) এসিডের উত্পাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে কাউন্সিল কর্তৃক নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন;

(খ) এসিড হইতে সৃষ্ট সম্ভাব্য ক্ষতিকর প্রতিক্রিয়া এবং এসিডের অপব্যবহার রোধকল্পে কাউন্সিল কর্তৃক নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং উহা বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ;

(গ) এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা, পুনর্বাসন ও আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে কাউন্সিল কর্তৃক নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং উহা বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ;

(ঘ) এসিড অপব্যবহারের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারমূলক কার্যক্রম গ্রহণ;

(ঙ) এসিড ব্যবহার ও অপব্যবহার সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য যে কোন ধরণের গবেষণা বা জরিপ পরিচালনা;

(চ) এসিড সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সহিত যোগাযোগ স্থাপন এবং এতদ্‌সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমন্বয় সাধন;

(ছ) শিল্প প্রতিষ্ঠানের উত্পাদন প্রক্রিয়ায় বর্জ্য হিসাবে নির্গত এসিড বা এসিডের মিশ্রণ দ্বারা সম্ভাব্য ক্ষতি নিয়ন্ত্রণের জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কাউন্সিল কর্তৃক নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং উহা বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ; এবং

(জ) উপরি-উক্ত দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনের জন্য কাউন্সিল কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের জন্য যে কোন ব্যবস্থা গ্রহণ৷

তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৮ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।