RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৮

শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের বায়ুদূষণ নিয়ন্ত্রণ

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) যদি কোনো শিল্পপ্রতিষ্ঠান, প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো দ্রব্য পোড়ানো, শিল্প বা প্রকল্প পরিচালনা অথবা জ্বালানি দহনের কারণে এইরূপ বায়বীয় নিঃসরণের সৃষ্টি হয় বা উদ্ভব হয় বা হইবার সম্ভাবনা থাকে যাহা তফসিল ৫ এ উল্লিখিত বায়বীয় নিঃসরণের মানমাত্রাকে অতিক্রম করে বা অতিক্রম করিবার সম্ভাবনা থাকে তাহা হইলে উক্ত শিল্প, প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, দখলদার বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:—

(ক) নিম্নবর্ণিত সর্বোত্তম বাস্তবসম্মত উপায় (Best Practicable Means) অবলম্বন করিয়া ক্ষতিকর বায়ুদূষকের নিঃসরণ প্রতিরোধ করিতে হইবে, যথা:— (অ) প্ল্যান্টের যথাযথ আকার ও নকশা অনুযায়ী নির্মাণ ও পরিচালনা করা; (আ) উপযুক্ত কাঁচামাল বা জ্বালানির ব্যবহার; (ই) প্রযোজ্য ক্ষেত্রে, মিস্ট এলিমিনেটর (Mist Eliminator), ডাস্ট এরেস্টর (Dust Arrestor), গ্যাস এ্যাবজরবার (Gas Absorber) এবং নিয়ন্ত্রণমূলক যন্ত্রপাতিসমূহের যথাযথ ব্যবহার; (ঈ) বিকল্প উৎপাদন প্রক্রিয়া প্রচলন; (উ) বিকল্প পরিচালন প্রক্রিয়া বা পদ্ধতি প্রচলন; (ঊ) পরিচালন কার্যক্রমের যথাযথ ও পর্যাপ্ত তথ্য; এবং (ঋ) প্ল্যান্টের নিয়মিত এবং কার্যকর রক্ষণাবেক্ষণ;

(খ) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক অনুমোদিত বিনির্দেশ (Specification) অনুসারে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Air Pollution Control System) বাস্তবায়ন করিতে হইবে;

(গ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে পরিবেশগত ছাড়পত্রের আবেদনের সহিত স্বতন্ত্রভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার প্ল্যান, ডিজাইন, যন্ত্রপাতির বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করিতে হইবে;

(ঘ) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক বায়ুদূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার সংস্কার, পরিবর্তন, প্রতিস্থাপন অথবা অতিরিক্ত যন্ত্রপাতি স্থাপনের জন্য প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করিতে হইবে;

(ঙ) সঠিক ইঞ্জিনিয়ারিং চর্চার (Sound Engineering Practice) মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সার্বক্ষণিক চালু রাখিয়া উহার সঠিক রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং উক্ত ব্যবস্থা যথাযথভাবে কার্যকর রহিয়াছে কিনা উহা নিশ্চিত করিবে;

(চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সার্বক্ষণিক কার্যকরভাবে চালু ও রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ করিতে হইবে এবং জনবল কাঠামো ও তাহাদের যোগ্যতার বিষয়ে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের সময় অনুমোদন গ্রহণ করিতে হইবে; এবং

(ছ) বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পরিবীক্ষণের (Performance Monitoring) জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করিতে হইবে এবং উহার বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়মিত পরিবীক্ষণ করিতে হইবে।

(২) শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের বায়বীয় নিঃসরণ মাত্রা তফসিল ৫ এর অধীন নির্ধারিত মানমাত্রা অতিক্রম করিতে পারিবে না।

(৩) শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নিজ খরচে বায়বীয় নিঃসরণের গুণগতমান মহাপরিচালক কর্তৃক অনুমোদিত গবেষণাগারে পর্যায়বৃত্তভাবে পরিবীক্ষণ (Periodically Monitoring) করিবে এবং পরিবেশগত ছাড়পত্রে প্রদত্ত শর্তানুসারে নির্দিষ্ট সময় অন্তর নিঃসৃত বায়বীয় নিঃসরণ পরীক্ষার ফলাফল অধিদপ্তরে দাখিল করিবে।

(৪) উপ-বিধি (৩) এর অধীন দাখিলকৃত ফলাফল উক্ত শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প যথাযথভাবে সংরক্ষণ করিবে এবং অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের সময় উহা প্রদর্শন করিবে।

(৫) পরিবেশের সংবেদনশীলতা বিবেচনায় সমীচীন প্রতীয়মান হইলে অধিদপ্তর সার্বক্ষণিক নিঃসরণ পরিবীক্ষণের (Continuous Emission Monitoring) জন্য শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পসহ উহার উদ্যোক্তাকে নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পসহ উহার উদ্যোক্তা সার্বক্ষণিক নিঃসরণ পরিবীক্ষণের ব্যবস্থা গ্রহণ করিবে এবং অধিদপ্তরের কেন্দ্রীয় বায়ুমান মনিটিরং সার্ভারের সহিত উহা সংযুক্ত থাকিবে।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫