RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩

প্রস্তুতকারক বা সংযোজনকারীর দায়িত্ব

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

প্রস্তুতকারক বা সংযোজনকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) ই-বর্জ্য পুনঃব্যবহারোপযোগী বা ধ্বংস করিবার নিমিত্ত সংগ্রহ;

(খ) সকল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্যে দেশের কোড, ক্রমিক নম্বরসহ কোম্পানি কোড বা ব্যক্তিগত পরিচয় ব্যবহার;

(গ) মেরামতকারী, চূর্ণকারী বা পুনঃব্যবহারোপযোগীকরণকারী বরাবর ই-বর্জ্য সরবরাহ;

(ঘ) ফ্লুরোসেন্ট এবং মারকারী যুক্ত ল্যাম্পসমূহের ক্ষেত্রে যেখানে পুনঃচক্রায়নকারী পাওয়া যায় না সেক্ষেত্রে উক্ত ই-বর্জ্য মজুদ এবং নিষ্পত্তি সুবিধার (disposal facility) লক্ষ্যে সংগ্রহ কেন্দ্রে সরবরাহ;

(ঙ) ই-বর্জ্য রাখিবার জন্য ব্যক্তিগত পর্যায়ে বা সমন্বিতভাবে সংগ্রহ কেন্দ্র স্থাপন;

(চ) ই-বর্জ্যের পরিবেশসম্মত সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যয় নির্বাহের জন্য ব্যক্তিগত বা যৌথ উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা রাখা;

(ছ) ই-বর্জ্য মজুদ এবং পরিবহনের সময় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার যাহাতে কোনো ধরনের ক্ষতি সাধিত না হয় বা ক্ষতি সাধনের সুযোগ না থাকে, সে লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক, সময় সময়, প্রণীত নির্দেশিকা অনুসরণ;

(জ) ই-বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যবসায়ী বা বিক্রেতা এবং নিবন্ধিত সংগ্রহ কেন্দ্রের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেইল নম্বর, ইত্যাদি পণ্যের গায়ে বা মোড়কের গায়ে উল্লেখ অথবা ভোক্তা ও বড় ব্যবহারকারী ভোক্তাগণের নিকট সরবরাহ;

(ঝ) নিম্নবর্ণিত বিষয়ে প্রকাশনা, লিফলেট, তথ্য সংবলিত বুকলেট, বিজ্ঞাপন পোস্টার এবং ডিজিটাল পদ্ধতি (ওয়েবসাইট, ইমেইল, এসএমএস, ইত্যাদি) এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি— (অ) ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য বা পদার্থের বিপজ্জনক উপাদানসমূহের তথ্য; (আ) ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, চূর্ণ বা পরিত্যাগ না করা বা পুনঃব্যবহারোপযোগী না করিবার ঝুঁকি সম্পর্কীয় তথ্য যাহা পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা, জনস্বার্থ ও জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করিতে পারে;

(ঞ) প্রযোজ্য ক্ষেত্রে— (অ) ভোক্তা কর্তৃক মেয়াদোত্তীর্ণ, অব্যবহৃত বা অকেজো হইবার কারণে তফসিল ১ এ উল্লিখিত ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক পণ্য ফেরত প্রদানের সময় ভোক্তাকে, সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অর্থ, প্রণোদনা হিসাবে প্রদান; (আ) নিবন্ধনের আবেদনের সময় ফরম-১ অনুযায়ী ই-বর্জ্য ব্যবস্থাপনার নিমিত্ত পরিকল্পনা দাখিল; এবং (ই) তফসিল ২ এ বর্ণিত লক্ষ্যমাত্রা অনুসরণ।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১ · তফসিল-২