উপজেলা কমিটির কার্যাবলি
উপজেলা কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:
(ক) প্রতিবেশগত সংকট উত্তরণের লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন সমন্বয় কমিটি এবং গ্রাম সংরক্ষণ দলকে পরামর্শ ও নির্দেশনা প্রদান; এবং এতদ্সংশ্লিষ্ট কোন বিষয়ে জেলা কমিটিতে সুপারিশ প্রেরণ;
(খ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোন্ কোন্ ক্ষতিকর কর্ম বা প্রক্রিয়া চালু রাখা বা শুরু করা যাইবে না সেই সম্পর্কে ইউনিয়ন সমন্বয় কমিটি এবং গ্রাম সংরক্ষণ দলের নিকট হইতে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনাক্রমে জেলা কমিটিতে সুপারিশ প্রেরণ;
(গ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সরজমিন পরিদর্শন এবং অধিদপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ;
(ঘ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো কর্ম নিষিদ্ধের ফলে জীবিকা সীমিত হইলে বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ;
(ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণে জনসাধারণকে উৎসাহ প্রদান;
(চ) সংশ্লিষ্ট ইউনিয়ন সমন্বয় কমিটি এবং গ্রাম সংরক্ষণ দলের কার্যক্রম পর্যবেক্ষণ, তত্ত্বাবধান, পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান;
(ছ) কোনো ব্যক্তি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নিষিদ্ধ কাজ করিলে বা করিবার চেষ্টা করিলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ;
(জ) সমবায় সমিতি গঠন এবং গ্রাম সংরক্ষণ দল নিবন্ধনে সহায়তা প্রদান;
(ঝ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার উপর নির্ভরশীল বিভিন্ন অংশীজনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(ঞ) তহবিল হইতে প্রাপ্ত অর্থের যথাযথ হিসাব রক্ষণ; এবং
(ট) সরকার, জাতীয় কমিটি বা জেলা কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সম্পাদন। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।