কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে অবস্থানগত ছাড়পত্র প্রদান পদ্ধতি
(১) কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের জন্য ফরম-৩ অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া আবেদন দাখিল করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল-৬ এ উল্লিখিত আবেদন প্রক্রিয়াকরণ ফি, সংশ্লিষ্ট দলিলপত্র, বিবরণ, প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন এবং তফসিল-৯ এর প্রযোজ্য নির্দেশিকা অনুসরণ করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিয়া যৌক্তিকতা ও অভিমতসহ প্রতিবেদন প্রস্তুত করিতে হইবে।
(৪) অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় তফসিল-১ এর কমলা শ্রেণির ক্রমিক নং ১ (এক) হইতে ক্রমিক নং ৬২ (বাষট্টি) এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উপ-বিধি (৩) এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন আবেদনসহ প্রযোজ্য ক্ষেত্রে, আঞ্চলিক, বিভাগীয় বা মহানগর কার্যালয়ের সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবে এবং উক্ত তফসিলের ক্রমিক নং ৬৩ (তেষট্টি) হইতে ক্রমিক নং ১১৩ (একশত তেরো) এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উক্ত প্রতিবেদন আবেদনসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবে ও উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে, আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবে।
(৫) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন এবং উপ-বিধি (৩) এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদনসহ সার্বিক দিক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৬) সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি আবেদনকারীর অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করিলে আবেদনকারীকে তফসিল-৭ এ উল্লিখিত ফি জমা প্রদানের জন্য অবহিত করিবে।
(৭) উপ-বিধি (১) অনুযায়ী আবেদন দাখিলের অনধিক ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, আবেদন নামঞ্জুর করা হইলে উহার কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট আবেদনকারীকে নামঞ্জুরের সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬ · তফসিল-৯ · তফসিল-১ · তফসিল-৭