RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৫

পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটির কার্যাবলি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :—

(ক) লাল শ্রেণিভুক্ত শিল্প বা প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের কার্যপরিধি এবং পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়ন;

(খ) পরিবেশগত প্রভাব নিরূপণের কার্যপরিধি ও পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন অনুমোদনসহ ছাড়পত্র প্রদানের বিষয়ে মহাপরিচালকের নিকট সুপারিশ প্রদান;

(গ) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ধরন ও বৈশিষ্ট বিবেচনাপূর্বক ছাড়পত্রের শর্তাবলি নির্ধারণ;

(ঘ) প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন ও ছাড়পত্রের আবেদন পর্যালোচনাক্রমে ছাড়পত্র প্রদানের বিষয়ে মহাপরিচালকের নিকট সুপারিশ প্রদান;

(ঙ) লাল ও প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন ও ছাড়পত্রের আবেদন পর্যালোচনাক্রমে ছাড়পত্র প্রদানের বিষয়ে মহাপরিচালকের নিকট সুপারিশ প্রদান;

(চ) কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা কর্তৃক কর্পোরেট সামাজিক এবং পরিবেশগত দায়িত্ব গ্রহণের জন্য সুপারিশ করা;

(ছ) লাল ও প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিনির্দেশ অনুমোদনের জন্য সুপারিশ করা;

(জ) প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন; এবং

(ঝ) আইনের ধারা ১২ এর উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য।

(২) অধিদপ্তরের মহানগর, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটির কার্যাবলি:

(ক) প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন ও ছাড়পত্রের আবেদন পর্যালোচনাক্রমে ছাড়পত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ;

(খ) বিদ্যমান প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন ও ছাড়পত্রের আবেদন পর্যালোচনাক্রমে ছাড়পত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ;

(গ) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ধরন ও বৈশিষ্ট্য বিবেচনাপূর্বক ছাড়পত্রের শর্তাবলি নির্ধারণ;

(ঘ) প্রযোজ্য কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিনির্দেশ অনুমোদন;

(ঙ) প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন; এবং

(চ) আইনের ধারা ১২ এর উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১২