সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
(১) এই বিধিমালা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
(৩) এই বিধিমালা নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:—
(ক) মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে;
(খ) ঈদের জামাত, জানাজা, নাম-সংকীর্তন এবং শবযাত্রাসহ অন্যান্য আবশ্যিক ধর্মীয় অনুষ্ঠানে;
(গ) সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রচারকালে;
(ঘ) প্রতিরক্ষা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দাপ্তরিক কাজ সম্পাদনকালে;
(ঙ) স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, মহররম বা সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনো গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠান চলাকালে;
(চ) আকাশযান ও রেলগাড়ি চলাচলের ক্ষেত্র;
(ছ) অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড ব্যবহারকালে;
(জ) ইফতার ও সেহরির সময় প্রচারকালে;
(ঝ) প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো বিপদ বা বিপদের আশংকায় বিপদ সংকেত প্রচারকালে;
(ঞ) মৃত্যু সংবাদ প্রচারকালে বা কোনো ব্যক্তি নিখোঁজ থাকিলে বা গুরুত্বপূর্ণ সম্পদ হারানোর বিষয় প্রচারকালে; এবং
(ট) সরকার কর্তৃক, সময়ে সময়ে, অব্যাহতিপ্রাপ্ত অন্য কোনো ক্ষেত্রে।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।