RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২

সংজ্ঞা

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়—

(ক) ‘আইন’ অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন);

(খ) ‘আবদ্ধ স্থান’ অর্থ বাসাবাড়ি, দোকানপাট, দেয়ালবেষ্টিত কল-কারখানা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, সিনেমা হল, থিয়েটার হল বা দেয়ালবেষ্টিত অন্য কোনো সীমানা;

(গ) ‘আবাসিক এলাকা’ অর্থ কোনো এলাকা যেখানে মানুষ বসবাস করে;

(ঘ) ‘ইউনিয়ন পরিষদ’ অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২ (৬) এ সংজ্ঞায়িত ‘ইউনিয়ন পরিষদ’;

(ঙ) ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা’ অর্থ এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, সরকার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(চ) ‘কর্তৃপক্ষ’ অর্থ তফসিল ৪ এ উল্লিখিত অনুমোদনকারী কর্তৃপক্ষ;

(ছ) ‘তফসিল’ অর্থ এই বিধিমালার কোনো তফসিল;

(জ) ‘নগর উন্নয়ন কর্তৃপক্ষ’ অর্থ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক ঘোষিত যেকোনো শহর বা নগর উন্নয়ন কর্তৃপক্ষ;

(ঝ) ‘নীরব এলাকা’ অর্থ হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠানসহ উহার চতুর্দিকের ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং বিধি ৩-এ উল্লিখিত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বা চিহ্নিত কোনো এলাকা;

(ঞ) ‘পৌরসভা’ অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ২ (৪৩) এ সংজ্ঞায়িত ‘পৌরসভা’;

(ট) ‘পাবলিক প্লেস’ অর্থ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০০৫ সনের ১১ নং আইন) এর ধারা ২(চ) এ সংজ্ঞায়িত ‘পাবলিক প্লেস’;

(ঠ) ‘ফরম’ অর্থ তফসিল ৫ এ উল্লিখিত কোনো ফরম;

(ড) ‘বাণিজ্যিক এলাকা’ অর্থ সরকার কর্তৃক নির্ধারিত বাণিজ্যিক এলাকা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রেস্তোরাঁ, হাটবাজার, ইত্যাদির আধিক্য রহিয়াছে এমন কোনো এলাকা;

(ঢ) ‘ব্যক্তি’ অর্থ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এবং নিবন্ধিত হউক বা না হউক, কোনো কোম্পানি, সমিতি বা সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(ণ) ‘মহাপরিচালক’ অর্থ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক;

(ত) ‘মোটরযান’ অর্থ বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৭ নং আইন) এর ধারা ২ (৪২) এ সংজ্ঞায়িত ‘মোটরযান’;

(থ) ‘মিশ্র এলাকা’ অর্থ এমন এলাকা যেখানে একইসাথে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়;

(দ) ‘শব্দদূষণ’ অর্থ তফসিল ১, ২ ও ৩ এ উল্লিখিত মানমাত্রা অতিক্রমকারী এমন শব্দ যাহা জনমানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রাণিকূল ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলিতে পারে;

(ধ) ‘শব্দের উৎস’ অর্থ আতশবাজি ও পটকা, মাইক, লাউড স্পিকার, এমপ্লিফায়ার, জেনারেটর, সুরযন্ত্র, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, সকল প্রকার মোটরযানের হর্ন, শিল্পকারখানা ও নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র ও যন্ত্রাংশের শব্দসহ শব্দবর্ধনের জন্য ব্যবহৃত অন্যান্য সকল বৈদ্যুতিক বা অন্য কোনো যন্ত্র;

(ন) ‘শব্দের মানমাত্রা’ অর্থ তফসিল ১, ২ ও ৩ এ উল্লিখিত শব্দের মানমাত্রা;

(প) ‘শিল্প এলাকা’ অর্থ সরকার কর্তৃক নির্ধারিত শিল্প এলাকা এবং শিল্প ও কলকারখানার আধিক্য রহিয়াছে এইরূপ এলাকা;

(ফ) ‘সড়ক’ অর্থ সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড আইন, ২০১৩ (২০১৩ সনের ২৮ নং আইন) এ সংজ্ঞায়িত ‘সড়ক’;

(ব) ‘সিটি কর্পোরেশন’ অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ২ (১৪) এ সংজ্ঞায়িত ‘সিটি কর্পোরেশন’; এবং

(ভ) ‘হর্ন’ অর্থ মোটরযানের এমন একটি যন্ত্র বা যন্ত্রাংশ যাহা মোটরযানের অবস্থান জানানোর নিমিত্ত রাস্তা ব্যবহারকারী, পথচারী ও অন্যান্য প্রাণির নিরাপত্তার স্বার্থে সতর্ক করিবার জন্য শব্দ সংকেত প্রেরণ করে।

(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে, সেই অর্থে প্রযোজ্য হইবে।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৪ · তফসিল-৫ · তফসিল-১