নিবন্ধন পদ্ধতি
আইনের ধারা ১৮ এর উপ-ধারা (৩) অনুযায়ী নিবন্ধন পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) বিধি ২৩ ও কোড অনুযায়ী বয়লার স্থাপনপূর্বক তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ণ অনুযায়ী আবেদন দাখিল করিতে হইবে;
(খ) আবেদন প্রাপ্তির পর বয়লার পরিদর্শক ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে কোড মোতাবেক পরিদর্শন ও পরীক্ষণের পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;
(গ) উপ-প্রধান বয়লার পরিদর্শক দলিলাদি ও প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;
(ঘ) প্রধান বয়লার পরিদর্শক, প্রতিবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাচাইপূর্বক বা, প্রয়োজনীয় ক্ষেত্রে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণপূর্বক প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের পর অনুমোদনসহ উহার একটি নিবন্ধন নম্বর প্রদান করিবেন এবং উপ-প্রধান বয়লার পরিদর্শককে নিবন্ধনপত্র জারির নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;
(ঙ) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ত অনুযায়ী নিবন্ধনপত্র জারি করিবেন;
(চ) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন;
(ছ) নিবন্ধনপত্র প্রাপ্তির পর বয়লার ব্যবহারকারী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কোডে বর্ণিত পদ্ধতিতে বয়লারের গায়ে স্থায়ীভাবে নিবন্ধন নম্বর অঙ্কন বা সংযোজন ও ব্যবহৃত পানির মান পরীক্ষণ করিবেন এবং অবিলম্বে সেফটি ভালভ সেট ও টেস্টের তারিখ নির্ধারণপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিবেন;
(জ) বয়লার ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত নির্ধারিত তারিখে বা প্রদত্ত তারিখের ১০ (দশ) কার্যদিবসের মধ্যে বয়লার পরিদর্শক অনুমোদিত চাপে সেফটি ভালভ সেট ও টেস্ট করিবেন এবং নিবন্ধন নম্বর অঙ্কন বা সংযোজন ও ব্যবহৃত পানির মানমাত্রার বিষয়ে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;
(ঝ) উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;
(ঞ) প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন প্রাপ্তির পর অনুমোদনপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শককে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদানের নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;
(ট) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদান করিবেন; এবং
(ঠ) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৮