RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ২২ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি২২

বয়লার হস্তান্তর বা স্থানান্তরের ক্ষেত্রে বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তন পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ২৩ এর উপ-ধারা (৪) অনুযায়ী বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা :—

(ক) কোনো বয়লার হস্তান্তর বা স্থানান্তর হইলে উপ-প্রধান বয়লার পরিদর্শক উহার কারণ ও সত্যতা যাচাই করিবেন এবং, প্রযোজ্য ক্ষেত্রে, হস্তান্তরিত বা স্থানান্তরিত এলাকার উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট নথি ও পরিদর্শন বই প্রেরণ করিবেন;

(খ) কোনো বয়লার হস্তান্তর বা স্থানান্তর হইলে বিধি ২৩ ও কোড অনুযায়ী স্থাপনপূর্বক নূতন বয়লার ব্যবহারকারী তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-থ অনুযায়ী আবেদন দাখিল করিবেন;

(গ) আবেদন প্রাপ্তির পর বয়লার পরিদর্শক ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে কোড মোতাবেক পরিদর্শন ও পরীক্ষণের পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;

(ঘ) উপ-প্রধান বয়লার পরিদর্শক দলিলাদি ও প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;

(ঙ) প্রধান বয়লার পরিদর্শক, প্রতিবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাচাইপূর্বক বা, প্রয়োজনীয় ক্ষেত্রে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণপূর্বক প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের পর বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য অনুমোদন প্রদান করিবেন এবং পত্র জারির জন্য উপ-প্রধান বয়লার পরিদর্শককে নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;

(চ) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে নূতন বয়লার ব্যবহারকারীর নামে তফসিল-৩ এ উল্লিখিত ফরম-দ অনুযায়ী পত্র জারি করিবেন;

(ছ) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন;

(জ) পত্র প্রাপ্তির পর বয়লার ব্যবহারকারী ব্যবহৃত পানির মান পরীক্ষণ করিবেন এবং অবিলম্বে সেফটি ভালভ সেট ও টেস্টের তারিখ নির্ধারণপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিবেন;

(ঝ) বয়লার ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত নির্ধারিত তারিখে বা প্রদত্ত তারিখের ১০ (দশ) কার্যদিবসের মধ্যে বয়লার পরিদর্শক সেফটি ভালভ সেট ও টেস্ট করিবেন ও ব্যবহৃত পানির মানমাত্রার বিষয়ে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;

(ঞ) উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;

(ট) প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন প্রাপ্তির পর অনুমোদনপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শককে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদানের নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;

(ঠ) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদান করিবেন; এবং

(ড) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৩

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫ · তফসিল-৩