দুর্ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন
(১) আইনের ধারা ২৮ এর উপ-ধারা (৪) এবং ধারা ৩০ এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার দুর্ঘটনা তদন্তের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয় ১ (এক) টি কমিটি গঠিত হইবে নিম্নরূপ, যথা:—
(ক) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক কার্যালয়ের প্রধান;
(গ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক কার্যালয়ের প্রধান;
(ঘ) বয়লার ব্যবহারকারী সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক;
(ঙ) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট এলাকার গ্রেড-১ লাইসেন্সধারী ১ (এক) জন বয়লার পরিচালনাকারী; এবং
(চ) ১ (এক) জন বয়লার পরিদর্শক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।
(২) দুর্ঘটনার প্রকৃতি বা পরিস্থিতি বিবেচনায় উপ-বিধি (১) এ বর্ণিত সদস্যের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা যাইবে।
(৩) কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) প্রয়োজনে, যে কোনো যুক্তিযুক্ত সময় দুর্ঘটনার স্থান পরিদর্শন করিতে পারিবে;
(খ) পরিদর্শনকালীন সময়ে বয়লার ব্যবহারকারী, নির্মাণকারী বা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে;
(গ) প্রয়োজনানুসারে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের পূর্বে সকল গোপনীয়তা রক্ষা করিবে;
(ঘ) নির্ধারিত সময়ের মধ্যে তদন্তপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট সুপারিশ বা প্রতিবেদন পেশ করিবে; এবং
(ঙ) বিধি ৬২ এর উপ-বিধি (২) এর বিধান সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি অনুসারে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করিবে।
(৪) কমিটির সদস্যগণ তফসিল-৭ এর ক্রমিক নং ২ এ বর্ণিত হারে সম্মানি ও প্রচলিত বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা প্রাপ্য হইবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৮
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭