RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১০৭ — মজুরিসহ বাৎসরিক ছুটি

বিধি ১০৭

মজুরিসহ বাৎসরিক ছুটি

(১) ধারা ১১৭ অনুযায়ী বাৎসরিক বা অর্জিত ছুটি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ১২ (বার) মাসে শ্রমিকের কাজে উপস্থিতির দিনগুলিকে গণ্য করিতে হইবে।

(২) কোন শ্রমিক চাহিলে তাহার অব্যয়িত অর্জিত ছুটির বিপরীতে নগদ অর্থ গ্রহণ করিতে পারিবেন :

তবে শর্ত থাকে যে, বৎসরান্তে অর্জিত ছুটির অর্ধেকের অধিক নগদায়ন করা যাইবে না এবং এইরূপ নগদায়ন বৎসরে মাত্র একবার করা যাইবে।

(৩) কোন শ্রমিক তাহার মজুরিসহ ছুটি পাওনা থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে, তাহার ছুটি বাবদ মজুরি তাহার মনোনীত বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ১০৭ এর উপ-বিধি (২) এর শর্তাংশের প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘:’ কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা: ‘‘আরও শর্ত থাকে যে, বাৎসরিক ছুটি হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে (অধিকাল ভাতা ও বোনাস ব্যতীত) ৩০ (ত্রিশ) দিয়া ভাগ করিয়া বার্ষিক ছুটির দিনের সংখ্যা দ্বারা গুণ করিয়া বার্ষিক ছুটির মজুরি গণনা করিতে হইবে ।’’;

সহজ ভাষায়: পূর্ববর্তী ১২ মাসের উপস্থিতির দিন গুনে অর্জিত ছুটি হিসাব। অভোগকৃত অর্জিত ছুটির সর্বোচ্চ অর্ধেক বছরে একবার, বছর শেষে নগদায়ন করা যায়। মৃত্যুর ক্ষেত্রে ছুটির মজুরি মনোনীত ব্যক্তি/উত্তরাধিকারী পাবেন।
সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৬৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ১১৭

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি