পেট্রোলিয়াম ভর্তি এবং খালাস
(১) পেট্রোলিয়াম বহনকারী ট্যাংক-ওয়াগন, লরী বা অযান্ত্রিক গাড়িতে কেবল ধাতব পাইপ অথবা বৈদ্যুতিকভাবে নিরবিচ্ছিন্ন সুরক্ষিত হোস (armoured hose) এর মাধ্যমে পেট্রোলিয়াম ভর্তি (filling) বা খালাস (discharge) করিতে হইবে।
(২) কোনো পরিবহন যানের জ্বালানি ট্যাংক ব্যতীত পেট্রোলিয়াম বহনকারী ট্যাংক-এ-
(ক) আগুনের উৎস, চুল্লি অথবা প্রজ্বলনীয় বাষ্পকে জ্বালাইতে পারে এমন কোনো কৃত্রিম বাতির অবস্থানের ৩০ (ত্রিশ) মিটারের মধ্যে হয়; বা
(খ) পেট্রোলিয়াম বহনকারী লরী, ট্যাংক-ওয়াগন বা অযান্ত্রিক পরিববহন যান অগ্নিস্ফুলিঙ্গের সংস্পর্শে আসিতে পারে; এমন কোনো স্থানে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা যাইবে না:
তবে শর্ত থাকে যে,—
(ক) আবদ্ধ অবস্থায় পাইপ লাইনের মাধ্যমে পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের ক্ষেত্রে উক্ত দূরত্ব হ্রাস করিয়া অন্যূন ৯ (নয়) মিটার করা যাইবে; এবং
(খ) ফরম ‘‘ট’’ তে লাইসেন্সকৃত প্রাঙ্গণে পেট্রোলিয়াম ভর্তি, মজুদ ও খালাসের ক্ষেত্রে উক্ত দূরত্ব হ্রাস করিয়া অন্যূন ৪ (চার) মিটার করা যাইবে।
(৩) আবদ্ধ (under seal) ট্যাংক-এ পাইপের মাধ্যমে পেট্রোলিয়াম সরবরাহ করা যাইবে যদি উহা ট্যাংক-এর সহিত স্ক্রু দ্বারা বা অন্য কোনোভাবে এমনভাবে সংযুক্ত থাকে যাহাতে অনুমোদিত নির্গমন পথ ব্যতীত তরল পেট্রোলিয়াম বা উহার বাষ্প অন্য কোনোভাবে বাহিরে নির্গত হইতে না পারে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।