লাইসেন্স নবায়ন
(১) আইন বা এই বিধিমালার কোনো বিধান অথবা লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত না হইলে লাইসেন্সিং কর্তৃপক্ষ কোনো লাইসেন্স অন্যূন এক পঞ্জিকা বৎসরের জন্য নবায়ন করিতে পারিবে।
(২) লাইসেন্সিং কর্তৃপক্ষ হিসাবে প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক ইস্যুকৃত কোনো লাইসেন্স তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কোনো বিস্ফোরক পরিদর্শক নবায়ন করিতে পারিবে।
(৩) লাইসেন্স নবায়নের উদ্দেশ্যে লাইসেন্সধারীকে সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ যে পঞ্জিকা বৎসরে শেষ হইবে সেই পঞ্জিকা বৎসরের ২ ডিসেম্বর বা তৎপূর্বে লাইসেন্সের মূল কপি এবং সংযুক্ত অনুমোদিত নকশা এবং উপ-বিধি (৪) অনুসারে নবায়ন ফিসহ লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(৪) প্রতি পঞ্জিকা বৎসরের জন্য লাইসেন্স নবায়নের ফি হইবে উক্ত লাইসেন্সের জন্য প্রদেয় ফি- এর সমপরিমাণ অর্থ।
(৫) লাইসেন্স নবায়নের আবেদন উপ-বিধি (৩) এ উল্লিখিত সময়ের পরে দাখিল করা হইলে দ্বিগুণ হারে নবায়ন ফি প্রদান করিতে হইবে।
(৬) লাইসেন্স নবায়নের আবেদন উপ-বিধি (২) এ উল্লিখিত সময়ের পর দাখিল করা হইলে দ্বিগুণ হারে নবায়ন ফি প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, একটানা একাধিক বৎসরের জন্য নবায়নের আবেদন করা হইলে সেইক্ষেত্রে নবায়নের প্রথম বৎসরের জন্য দ্বিগুণ হারে ফি প্রদান করিতে হইবে।
(৭) লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্স নবায়নের আবেদন সম্পর্কে, উহা প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং আবেদন প্রত্যাখ্যান করিলে উক্ত সিন্ধান্ত ও উহার কারণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে, উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।
(৮) লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হইলে সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত অথবা নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইয়াছে মর্মে আবেদনকারীকে অবহিত না করা পর্যন্ত লাইসেন্সটি বহাল আছে বলিয়া গণ্য হইবে।
(৯) ফরম ‘ট’ ও ফরম ‘ঠ’ এ প্রদত্ত লাইসেন্স ৩ (তিন) বৎসর মেয়াদে এবং ফরম ‘ঝ’, ফরম ‘ঞ’, ফরম ‘ড’ ও ফরম ‘ঢ’ এ প্রদত্ত লাইসেন্স ২ (দুই) বৎসর মেয়াদে নবায়ন করা যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।