বৈদ্যুতিক স্থাপনা
(১) তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য কোনো শ্রেণির পেট্রোলিয়াম সড়কপথে পরিবহনে ব্যবহৃত ট্রেইলারে বা অন্য কোনো পরিবহন যানে যদি বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক যন্ত্র অথবা বিদ্যুৎ চালিত অন্য কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাহা হইলে—
(ক) বৈদ্যুতিক সার্কিটের চাপ ২৪ (চব্বিশ) ভোল্টের অধিক হইবে না;
(খ) বৈদ্যুতিক তার- (অ) উত্তমরূপে অপরিবাহী এবং বোঝা বহনে পর্যাপ্ত ক্ষমতা সম্পন্ন হইতে হইবে; (আ) ফিউজ অথবা স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার আকারে অতিরিক্ত বিদ্যুৎ নিয়ন্ত্রণ প্রতিরোধ ব্যবস্থা থাকিবে এবং উহা এমনভাবে অবস্থানগত দিক দিয়া অথবা ধাতব খাচায় আবদ্ধ করিয়া অথবা তৈল নিরোধী আচ্ছাদনসহ স্থাপন করিতে হইবে যাহাতে ভৌত ক্ষয় না হয় এবং নির্গত তৈলের সংস্পর্শে আসিতে না পারে; (ই) সকল সংযোগ বক্সে আবদ্ধ থাকিতে হইবে;
(গ) জেনারেটর, ব্যাটারী, সুইচ, ফিউজ এবং সার্কিট ব্রেকার পরিবহন যানের ক্যাব অথবা ইঞ্জিন কক্ষে স্থাপন করিতে হইবে এবং ব্যাটারী সহজে প্রবেশ করা যায় এমন অবস্থানে হেভী ডিউটি সুইচ বিচ্ছেদকারী যন্ত্র দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকিতে হইবে;
(ঘ) জেনারেটর, মোটর এবং সুইচ ইঞ্জিন কক্ষে স্থাপন করা না হইলে উহা শিখা নিরোধী হইতে হইবে এবং যদি জেনারেটর বা মোটর বা সুইচ কোনো পরিবেষ্টিত স্থানে স্থাপন করা হয়, তাহা হইলে যাহাতে অতিরিক্ত তাপ সৃষ্টি (over heating) এবং দাহ্য বাষ্প (inflammable vapours) জমিতে না পারে সেই জন্য বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর দফা (ক) এবং দফা (খ) এর উপ-দফা (অ) ব্যতীত এই বিধির বিধানাবলি শুধু শস্য ক্ষেতে কীটনাশক ছিটানোর হেলিকপ্টার এবং উড়োজাহাজে ব্যবহারের প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ট্যাংক-এ ব্যতীত অন্য কোনো ধারণপাত্র বা আধারে পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।