RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৬৫ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৬৫

ডেকে পেট্রোলিয়াম পরিবহন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

পেট্রোলিয়াম পরিবহনের জন্য বিশেষভাবে নির্মিত নহে এইরূপ স্টীম বা মোটর নৌযানের ডেকে নিম্নবর্ণিত শর্তাবলি পরিপালন সাপেক্ষে পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে, যথা:—

(ক) কার্গো জাহাজে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম খোলা ডেক এলাকার অর্ধেকের অধিক স্থান দখল করিয়া রাখা যাইবে না এবং উহা এমনভাবে রাখিতে হইবে যাহাতে নৌপথে চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় অথবা সমুদ্রপথে চলার অযোগ্য না হইয়া পড়িলে;

(খ) যাত্রীবাহী জাহাজে সীমিত পরিমাণ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহন করা যাইবে যদি উক্ত পেট্রোলিয়াম যথোপযুক্ত সতর্কতার সহিত রাখা হয় এবং পেট্রোলিয়াম প্যাকেজ যাত্রী চলাচলের স্থান এবং ডেক এলাকা হইতে দূরে রাখা হয়;

(গ) মোটা বস্ত্র বা অন্য কোনো ভাবে আচ্ছাদন করিয়া সরাসরি সূর্য রশ্মি হইতে পেট্রোলিয়ামকে রক্ষা করিবার ব্যবস্থা গ্রহণ করা হইলে;

(ঘ) ধূমপান অথবা দিয়াশলাই জ্বালানো হইতে সৃষ্ট বিপদের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য ডেক কার্গোর নিকটে সহজে দৃশ্যমান স্থানে নোটিশ টাঙাইয়া রাখা হইলে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।