পাইপ লাইনের পরিবর্তন এবং সংযোজন
(১) প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমতি ব্যতীত কোনো পাইপ লাইনের পরিবর্তন বা সংযোজন করা যাইবে না।
(২) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পাইপ লাইনে যে কোনো পরিবর্তন বা সংযোজন করিতে ইচ্ছা পোষণ করিলে পাইপ লাইন পরিবর্তন বা সংযোজনের উদ্দেশ্য বর্ণনাসহ স্কেলে অঙ্কিত প্রস্তাবিত পরিবর্তন বা সংযোজনের ৩ (তিন) সেট নকশা, এবং প্রতি কিলোমিটার বা অংশ বিশেষের জন্য সরকার কর্তৃক, নির্ধারিত ফি প্রদান পূর্বক প্রধান বিস্ফোরক পরিদর্শক এর নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত আবেদন প্রাপ্তির পর প্রধান বিস্ফোরক পরিদর্শক এইরূপ পরিবর্তন ও সংযোজনের প্রয়োজন আছে মর্মে সন্তুষ্ট হইলে, তৎকর্তৃক আরোপিত শর্ত সাপেক্ষে, প্রস্তাবিত পরিবর্তন বা সংযোজনের অনুমোদন করিতে পারিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।