RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭৬ · ৮ম অধ্যায় — বৈদ্যুতিক স্থাপনা
বিধি১৭৬

স্থায়ীভাবে স্থাপিত বৈদ্যুতিক তার

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো বিপজ্জনক এলাকায় স্থাপিত অন্তর্নিহিতভাবে নিরাপদ সরঞ্জামের সহিত সংযুক্ত নিরাপদ সার্কিটের সকল বিদ্যুৎ পরিবাহী সরঞ্জাম এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে উক্ত সার্কিটে অন্য কোনো সার্কিট হইতে স্পর্শজনিত অথবা বৈদ্যুতিক অথবা বিদ্যুৎ-চুম্বকীয় (electromagnetic) আবেশের কারণে বিদ্যুৎ সৃষ্টি হইতে না পারে এবং নিরাপদ সার্কিটের সকল বিদ্যুৎ পরিবাহী সরঞ্জামকে যান্ত্রিক ক্ষয়-ক্ষতি হইতে রক্ষা করিতে পারে।

(২) অন্তর্নিহিতভাবে নিরাপদ সার্কিটের বিদ্যুৎ পরিবাহী সরঞ্জামাদি ব্যতীত বিপজ্জনক এলাকায় স্থাপিত বৈদ্যুতিক তারের সংযোগ বিন্দুসমূহ কার্যকরভাবে সীলকৃত, যান্ত্রিকভাবে রক্ষিত এবং সম্পূর্ণ দৈর্ঘ্য ব্যাপি পর্যাপ্ত হইতে হইবে এবং উহাতে নিম্নবর্ণিত ব্যবস্থাদি থাকিতে হইবে, যথা:—

(ক) সঠিকভাবে নকশা করা প্রান্ত সীমা সুরক্ষিত এবং নিরাপদকৃত বৈদ্যুতিক ক্ল্যাম্প যাহাতে যান্ত্রিকভাবে নিরাপদ ব্যবস্থায় নির্বিঘ্নে বিদ্যুৎ সঞ্চালন হইতে পারে; অথবা

(খ) সঠিক নির্মিত প্রান্তসীমা বিশিষ্ট অনুমোদিত সুদক্ষ ধাতব ক্যাবল; অথবা

(গ) স্ক্রু দ্বারা আটকানো মজবুত গ্যালভেনাইজকৃত আবরক নলের একক অথবা একাধিক বিদ্যুৎ অপরিবাহী কোর বিশিষ্ট ক্যাবল, উক্ত ক্যাবল ধারণকৃত আবরক শিখা নিরোধী অনুমোদিত সরঞ্জামাদির সহিত সংযোগকরণে ব্যবহৃত হয় এবং আবরক নলের উভয় প্রান্ত এমনভাবে সীলকৃত থাকিবে যাহাতে উহার অভ্যন্তরে জমাট বাঁধা পদার্থকে কোনো নির্দিষ্ট নিষ্কাশন পথ দিয়া অপসারণ করা যায়; যেখানে ‘১’ হইতে ‘২’ চিহ্নিত বিপজ্জনক এলাকা পর্যন্ত অথবা বিপদের আশঙ্কা নাই সেই সকল এলাকায় স্থাপিত উক্তরূপ আবরক নল সীলকৃত থাকিতে হইবে;

(ঘ) একক অথবা একাধিক কোর বিশিষ্ট অনুমোদিত ধরনের বিদ্যুৎ অপরিবাহী ক্যাবল যাহার সকল সংযোগ প্রান্ত এবং সংযোগস্থলে শিখা নিরোধী অনুমোদিত ধরনের সিংগেল অথবা মাল্টিকোর বিশিষ্ট অনুমোদিত ধরনের বিদ্যুৎ অপরিবাহী ক্যাবল;

(ঙ) অনুমোদিত শিখা নিরোধী ব্যবস্থায় স্থাপিত অনাবৃত বিদ্যুৎ পরিবাহক যাহা অন্তর্নিহিতভাবে নিরাপদ সার্কিট তৈরি করে;

(চ) বিপজ্জনক এলাকায় স্থাপিত প্রতিটি বৈদ্যুতিক পাম্পের বিদ্যুৎ সরবরাহকারী সার্কিট— (অ) একটি ফিউজ অথবা সার্কিট ব্রেকার সেট দ্বারা পৃথকভাবে সংরক্ষিত থাকিবে, কখনো সার্কিটে নির্ধারিত পরিমাণের অধিক বিদ্যুৎ প্রবাহিত হইয়া যাহাতে দুর্ঘটনা ঘটাইতে না পারে সেই জন্য উক্ত সার্কিট ব্রেকার বা ফিউজ সর্বদা কার্যক্রম রাখিতে হইবে; এবং (আ) সরবরাহকারী মূল লাইটিং ব্যবস্থাসহ প্রতিটি বৈদ্যুতিক পাম্পের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহের মূল পয়েন্টে একটি স্বতন্ত্র বিচ্ছিন্নকরণ সুইচের সহিত যুক্ত রাখিতে হইবে।

(৩) ধাতব আবরণবিহীন ইনস্যুলেটেড ক্যাবল যাহা কোনো বিপজ্জনক এলাকায় নলের মধ্যে রাখিয়া উন্মুক্ত ভূ-গর্ভে স্থাপন করা যাইবে না।

(৪) উপ-বিধি (১), (২) ও (৩) এ বর্ণিত বিধানাবলি কোনো শ্রেণির বৈদ্যুতিক ওয়ারিং এর ক্ষেত্রে শিথিল বা পরিবর্তন করার প্রয়োজন হইলে প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে তাহার বিবেচনায় উপযুক্ত সময়ের জন্য এবং তৎকর্তৃক আরোপিত শর্ত সাপেক্ষে, বৈদ্যুতিক ওয়ারিং শিথিল বা পরিবর্তন করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।