RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯৭ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৯৭

স্থির বিদ্যুতের বিরুদ্ধে সতর্কতা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ট্যাংক পরিবহন যানে যেখানে পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা হয় সেই এলাকায় স্থাপিত সকল পেট্রোলিয়াম পাইপ বৈদ্যুতিকভাবে নিরবিচ্ছিন্ন (electrically continuous) থাকিতে হইবে এবং কার্যকরভাবে মাটির সহিত সংযুক্ত থাকিতে হইবে।

(২) ট্যাংক পরিবহন যানে যেখানে পেট্রোলিয়াম ভর্তি করা হয় সেই স্থানের সন্নিকটে কার্যকর একটি ভূ-সংযোগ নব (knob) স্থাপন করিতে হইবে যাহার সহিত একটি নমনীয় ক্যাবলের মাধমে একটি মজবুত ক্ল্যাম্প (clamp) সংযুক্ত করিতে হইবে।

(৩) ট্যাংক পরিবহন যানে পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করিবার জন্য নিখুঁত এবং বৈদ্যুতিকভাবে নিরবচ্ছিন্ন হোস বা ধাতব পাইপ ব্যবহার করিতে হইবে, যেখানে দণ্ডায়মান পাইপ (stand pipe) অথবা ধাতব লোডিং আর্মস এর ব্যবস্থা আছে সেইখানে সুইভেল (swivel) সংযোগ বৈদ্যুতিকভাবে নিরবচ্ছিন্ন থাকিবে।

(৪) কোনো ট্যাংকযুক্ত পরিবহন যান ভর্তি করিবার সময় উহার ট্যাংক, ভর্তিকরণ পাইপ এবং চেসিস (chassis) উপ-বিধি (২) এ উল্লিখিত ভূ-সংযোগ নব এর সহিত কার্যকরভাবে নমনীয় ধাতব তার বা টেপ দ্বারা সংযুক্ত থাকিতে হইবে।

(৫) ট্যাংকযুক্ত পরিবহন যান সম্পূর্ণরুপে ভর্তি না হওয়া এবং ভর্তিকরণ পাইপ ও ডিপ-পাইপ নিরাপদভাবে বন্ধ না করা পর্যন্ত আর্থিং সংযোগ বিচ্ছিন্ন করা যাইবে না।

(৬) ডিপ রড ব্যবহার করা হইলে পেট্রোলিয়াম ভর্তিকরণ শুরু করার পূর্বে উহা ট্যাংক অথবা প্রকোষ্ঠের তলা পর্যন্ত নামাইয়া রাখিতে হইবে এবং ভর্তি করার সময় অথবা ভর্তিকরণ সম্পূর্ণ হওয়ার এক মিনিটের মধ্যে ডিপ রড লিকুইড লেভেলের উপরে সম্পূর্ণরূপে উঠানো যাইবে না ।

(৭) ফিলিং পাইপের সরবরাহ প্রান্ত প্রতি সেকেন্ডে ১ (এক) লিটারের অধিক হারে (rate) কোনো ট্যাংকযুক্ত পরিবহন যান ভর্তি করা যাইবে না যতক্ষণ না পর্যন্ত ভর্তিকরণ পাইপ সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের মধ্যে তলাইয়া যায় এবং পরবর্তীতে ভর্তিকরণের হার ক্রমশ বাড়ানো যাইতে পারে, তবে উহা ফিলিং পাইপের সরবরাহ প্রান্ত উক্ত গতি কখনো প্রতি সেকেন্ডে ৬ (ছয়) লিটার অতিক্রম করিতে পারিবে না :

তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং তুলনামূলকভাবে উচ্চ পরিবাহী (higher conductivity) বিশিষ্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট এর ক্ষেত্রে দ্রুত ভর্তিকরণ হারে নির্ধারণ করিতে পারিবেন।

(৮) যদি উক্ত ট্যাংক-এ বা প্রকোষ্ঠে ভাসমান কোনো অপরিবাহী পদার্থ বা পানি থাকিলে সর্বশেষ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী কোনো ট্যাংকযুক্ত পরিবহন যানের ট্যাংক-এ বা প্রকোষ্ঠে অন্য কোনো শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি করা যাইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।