RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১১ — মালিক সমিতির নিবন্ধনের আবেদন

বিধি ২১১

মালিক সমিতির নিবন্ধনের আবেদন

(১) আইনের ধারা ১১৪ অনুযায়ী কোনো জোনে । অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মালিক সমিতি গঠনের পক্ষে সমর্থন ব্যক্ত করিলে ফরম-৯১ অনুযায়ী নিবন্ধনের জন্য একজন আহ্বায়কের স্বাক্ষরে নির্বাহী চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সহিত/আবেদনপত্রের সহিত মালিক সমিতির গঠনতন্ত্রের তিনটি অনুলিপি/কপি প্রদান করিতে হইবে এবং সদস্যদের প্রত্যয়নপত্র সংযুক্ত করিতে হইবে।

(৩) মালিক সমিতির সদস্যদের বিবরণ ফরম-৯২ অনুযায়ী প্রদান করিতে হইবে।

(৪) নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, মালিক সমিতি আইনের ও এই বিধিমালার সকল শর্ত প্রতিপালন করিয়া নিবন্ধনের জন্য আবেদন করিয়াছে এবং গঠনতন্ত্র প্রণীত হইয়াছে, তাহা হইলে তিনি আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নিবন্ধন প্রদান করিবেন।

(৫) যদি নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রতীয়মান হয় যে, আবেদনপত্রে প্রয়োজনীয় কোনো বিষয়ের অপূর্ণতা রহিয়াছে, তাহা হইলে তিনি লিখিতভাবে তাহার আপত্তি উক্ত মালিক সমিতিকে আবেদন প্রাপ্তির ১৫ (পনোরো) দিনের মধ্যে অবহিত করিবেন এবং অবহিত হইবার পরবর্তী ১৫(পনেরো) দিনের মধ্যে মালিক সমিতি উক্ত আপত্তিসমূহের জবাব প্রদান করিবেন।

(৬) উপ-বিধি (৫) এর অধীন উত্থাপিত আপত্তিসমূহের জবাব নির্বাহী চেয়ারম্যানের নিকট সন্তোষজনক প্রতীয়মান হইলে তিনি আপত্তি প্রদানের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত মালিক সমিতিকে নিবন্ধন প্রদান করিবেন এবং জবাব সন্তোষজনক না হইলে আবেদন প্রত্যাখান করিতে পারিবেন।

(৭) নির্বাহী চেয়ারম্যান উপ-বিধি (৬) এ উল্লিখিত সময়ের মধ্যে নিবন্ধন প্রদান না করিলে বা আবেদন প্রত্যাখান করিলে, মালিক সমিতি ইপিজেড শ্রম আদালতে আবেদন উপস্থাপন করিতে পারিবে এবং ইপিজেড শ্রম আদালত নির্বাহী চেয়ারম্যানকে উক্ত সমিতিকে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করতে অথবা আবেদন খারিজ করিতে পারিবে।

(৮) মালিক সমিতি নিবন্ধন পাইলে নির্বাহী চেয়ারম্যান নিবন্ধনের প্রত্যয়নপত্র পাইবার জন্য নিবন্ধন ফি বাবদ ২০,০০০ (বিশ হাজার) টাকা ট্রেজারি চালানের মাধ্যমে কর্তৃপক্ষের কোষাগারে জমা প্রদানের জন্য লিখিত নির্দেশ প্রদান করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি