RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৮৬ — বিপজ্জনক ধোঁয়ার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা

বিধি ৮৬

বিপজ্জনক ধোঁয়ার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা

(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো ব্যক্তি অবাধে প্রবেশ করিতে পারেন এইরূপ কোনো স্থান হইতে যদি বিপজ্জনক ধোঁয়া নিঃসৃত হয় যাহা কোনো ব্যক্তির স্বাস্থ্যের পক্ষে ঝুঁকির কারণ হইতে পারে এইরূপ প্রত্যেক আধার, কূপ, গর্ত, সূড়ঙ্গ পথ বা অন্য আবদ্ধ স্থান, আয়তাকার এবং ডিম্বাকৃতি বা গোলাকার ম্যানহোল আলোকিত রাখিতে হইবে এবং উহা

(ক) আয়তাকার বা ডিম্বাকৃতি হইলে দৈর্ঘ্যে ৪০.৬৫ সেন্টি-মিটার এবং প্রস্থে ৩০.৫০ সেন্টি-মিটারের নিম্নে হইবে না;

(খ) গোলাকার হইলে উহার ব্যাস ৪০.৬৫ সেন্টি-মিটারের নিম্নে হইবে না;

(গ) অক্সিজেনের মাত্রা ১৯% (শতকরা ঊনিশ ভাগ) কম বায়ু বিশিষ্ট হইবে না;

(ঘ) পানি আবদ্ধ অবস্থায় থাকিবে না বা পানি প্রবেশের স্থান ঝুঁকিমুক্ত হইবে;

(ঙ) উঠিবার বা নামিবার প্রবেশমুখ হইতে তলা পর্যন্ত স্থায়ী গাঁথুনির মইয়ের ব্যবস্থা সমৃদ্ধ হইতে হইবে।

(২) কোনো প্রতিষ্ঠানের কোনো কক্ষ, আধার, চৌবাচ্চা, গর্ত, পাইপ, ধূমপথ, অথবা অন্যান্য সীমাবদ্ধ স্থানে ২৪ (চব্বিশ) ভোল্টের অধিক ভোল্টেজ যুক্ত কোনো বহনযোগ্য বৈদ্যুতিক বাতি উহার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি প্রদান করা যাইবে না এবং যেইক্ষেত্রে কোনো ধোঁয়া দাহ্য হইবার সম্ভাবনা থাকে সেইক্ষেত্রে দাহ্য নিরোধ বস্তু দ্বারা নির্মিত বাতি ব্যতীত অন্য কোনো বাতি উক্ত স্থানে ব্যবহার করার জন্য অনুমতি প্রদান করা যাইবে না।

(৩) প্রত্যেক প্রতিষ্ঠানে উপযুক্ত শ্বাস-প্রশ্বাস যন্ত্র, সজ্ঞান করার যন্ত্র, কোমরবন্ধ এবং রজ্জু তাৎক্ষণিক ব্যবহারের জন্য উক্তরূপ স্থানের নিকটেই মজুদ রাখিতে হইবে এবং উক্তরূপ সরঞ্জাম যথাযথ ব্যক্তি কর্তৃক সময় সময় পরীক্ষা সাপেক্ষে উহা ব্যবহারের যোগ্য মর্মে তৎকর্তৃক প্রত্যয়িত হইতে হইবে এবং প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত যথেষ্ট সংখ্যক ব্যক্তিকে উক্তরূপ সরঞ্জাম ব্যবহার এবং শ্বাস-প্রশ্বাস প্রবাহ করার পন্থা সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করিতে হইবে।

ব্যাখ্যা।এই উপ-বিধিতে উল্লিখিত ‘যথাযথ ব্যক্তি’ বলিতে বিস্ফোরক অধিদপ্তরের এতৎবিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বুঝাইবে এবং কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও উহার অন্তর্ভুক্ত হইবে।

(৪) কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে বয়লার, বয়লারের চুল্লি, ধূম্রপথ, আধার, চৌবাচ্চা, পাইপ অথবা কোনো সীমাবদ্ধ স্থানে কাজ করিবার জন্য অথবা উহাতে কোনো পরীক্ষা পরিচালনার জন্য প্রবেশের অনুমতি প্রদান করা যাইবে না যতক্ষণ পর্যন্ত না উহা বায়ু প্রবাহের দ্বারা যথেষ্ট ঠান্ডা করা হয় অথবা অন্য কোনোভাবে মানুষের প্রবেশের জন্য উপযুক্ত করা হয়।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি