RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩০৫ — পরিচালনা বোর্ডের সভা

বিধি ৩০৫

পরিচালনা বোর্ডের সভা

(১) প্রতি ৪ (চার) মাসে অন্তত একবার পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং সভাপতির সহিত আলোচনাক্রমে বোর্ডের সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রত্যেক সদস্যের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা সদস্যগণের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো উপায়ে সভার নোটিশ প্রেরণ করিতে হইবে, তবে জরুরি সভার ক্ষেত্রে উক্তরূপ নোটিশ সভা অনুষ্ঠানের ৩ (তিন) দিন পূর্বে প্রেরণ করা যাইবে।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, পরিচালনা বোর্ডের সদস্যদের কমপক্ষে অর্ধেক সংখ্যক সদস্যের নিকট হইতে লিখিতভাবে অনুরুদ্ধ হইলে সচিব, সভাপতির সহিত পরামর্শক্রমে, অনুরোধ প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।

(৩) সভাপতি বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন এবং কোনো সভায় সভাপতি অনুপস্থিত থাকিলে নির্বাহী পরিচালক অথবা কর্তৃপক্ষের একজন প্রতিনিধি, যিনি বোর্ডের সহ-সভাপতি, সভায় সভাপতিত্ব করিবেন এবং তিনি উক্ত সভার সিদ্ধান্তসহ কার্যবিবরণী স্বাক্ষর করিবেন।

(৪) পরিচালনা বোর্ডের সভায় কোরাম পূর্ণ হইবার জন্য মালিক পক্ষের ও শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অন্তত একজন করিয়া সদস্যসহ অর্ধেকের অধিক সদস্যের উপস্থিতি থাকিতে হইবে।

(৫) উপ-বিধি (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো সভায় এক ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভাটি মুলতুবি হইয়া যাইবে এবং পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে মুলতুবি সভা অনুষ্ঠিত হইতে হইবে এবং যদি উক্ত মুলতুবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, তাহা হইলে তৃতীয় বারের সভায় যেকোনো সংখ্যক সদ্যসের উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।

(৬) তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডে উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোনো বিষয়ে সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে সভাপতি নির্ণায়ক বা কাস্টিং ভোট প্রদান করিবেন।

(৭) উপস্থিত সদস্যদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে প্রত্যেক সদস্যকে ও কর্তৃপক্ষকে প্রদান করিতে হইবে, যাহা বোর্ডের পরবর্তী সভায় দৃঢ়ীকরণ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি