RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৯০ — বিপজ্জনক কাজ

বিধি ৯০

বিপজ্জনক কাজ

(১) আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত কাজসমূহ বিপজ্জনক কাজ বলিয়া বিবেচিত হইবে, যথা:

(ক) বায়ুপূর্ণ বা বাতান্বিত পানি (Aerated Water) তৈরি এবং উহার আনুষঙ্গিক প্রক্রিয়া;

(খ) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ প্রদান, ক্রোমিক এসিড বা অন্য ক্রোমিয়াম যৌগ দ্বারা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ধাতব পদার্থ জারণ;

(গ) বৈদ্যুতিক এক্যুমুলেটর তৈরি বা মেরামত;

(ঘ) কাঁচ ও কাঁচের দ্রব্য তৈরি;

(ঙ) ধাতু শান দেওয়া বা চকচকেকরণ;

(চ) সিসা, সিসার শংকর বা সিসার কতিপয় যৌগ তৈরি, মেরামত বা অনুরূপ কাজ করা;

(ছ) বিপজ্জনক পেট্রোলিয়াম হইতে গ্যাস উৎপাদন;

(জ) সংকুচিত বায়ু বা বাষ্প দ্বারা চালিত বালি জেট ধাতব গোলা, কাঁকর বা এবরো-থেবরো কোনো জিনিস দ্বারা কোনো বস্তু পরিষ্কার করা বা মসৃণ করিবার কাজ;

(ঝ) যন্ত্রের সাহায্যে পাট, শন বা অন্য তন্তু নরম করিবার কাজ;

(ঞ) ৫০ (পঞ্চাশ) কেজির অতিরিক্ত ওজনসম্পন্ন পণ্যের কোনো গাঁট গুদামে উত্তোলন, সাজানো ও গুদামজাতকরণ এবং জাহাজ বা অন্য কোনো পরিবহণে বোঝাই করিবার কাজ;

(ট) সেলুলজ দ্রবণ প্রস্তুত, ব্যবহার বা সংগ্রহ করিবার কাজ;

(ঠ) ক্রোমিক এসিড তৈরি অথবা সোডিয়াম বাইক্রোমেট, পটাশিয়াম বাইক্রোমেট বা এমোনিয়াম বাইক্রোমেট প্রস্তুত বা পুনরুদ্ধারের কাজ;

(ড) ছাপাখানা বা টাইপ ফাউন্ড্রিতে সিসার প্রক্রিয়াকরণ বা চালানোর কাজ;

(ঢ) সংকুচিত হাইড্রোজেন বা সংকুচিত অক্সিজেন প্রস্তুতের কাজ;

(ণ) রাসায়নিক আঁঠালো ক্ষার প্রক্রিয়ার রেয়ন তৈরির কাজ;

(ত) প্লাস্টিক ও পলিথিন দ্রব্য প্রক্রিয়াকরণ;

(থ) বিষাক্ত গ্যাস জমা হয় বা সৃষ্টি হইবার অশঙ্কা রহিয়াছে এইরূপ কাজ বিশেষ করিয়া পরিত্যক্ত বা বদ্ধ কূয়া, সেপটিক ট্যাংক বা স্যুয়ারেজ লাইনের কাজ;

(দ) রাসায়নিক সার বা কেমিকেল তৈরির কাজ বা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের কাজ;

(ধ) ভূমি সমতল হইতে অন্যূন ৩ (তিন) মিটার উচ্চতার এবং ২ (দুই) মিটার গভীরতার কোনো কাজ;

(ন) বৈদ্যুতিক ওয়্যারিং বা বৈদ্যুতিক পরিবাহি লাইনের কাজ;

(প) ধাতব পদার্থকে উচ্চ তাপে গলানো, কাটা, জোড়া ও রূপান্তরের কাজ;

(ফ) ৮০ (আশি) ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ উৎপন্ন হয় এইরূপ উৎপাদন প্রক্রিয়ার কাজ;

(ব) পাওয়ার প্রেস (হাইড্রোলিক প্রেস ব্যতীত) ও মেটাল ট্রেডে ব্যবহৃত পাথর চূর্ণ করিবার কাজ;

(ভ) যান্ত্রিক কাটার যন্ত্রের (Guilloting Machine) কাজ;

(ম) যান্ত্রিক চক্রাকার করাতের কাজ; এবং

(য) ধাতুপটে ছাপানোর কাজ।

(২) অতিরিক্ত মহাপরিদর্শক বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপ-বিধি (১) এ বর্ণিত কাজ ছাড়াও প্রয়োজনে অন্যান্য কাজ, উৎপাদন প্রক্রিয়া বা উক্ত প্রক্রিয়ার আনুষঙ্গিক প্রক্রিয়াকে বিপজ্জনক কাজ হিসাবে ঘোষণা করিতে পারিবেন।

(৩) উপ-বিধি (১) ও (২) এর অধীন ঘোষিত যেই সকল বিপজ্জনক কাজ মহিলা বা সন্তান-সম্ভবা মহিলা শ্রমিকের জন্য নিষিদ্ধ উহা অতিরিক্ত মহাপরিদর্শক বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা সময় সময়, নোটিশ দ্বারা ঘোষণা করিতে পারিবেন।

(৪) প্রতিষ্ঠানের মালিক উপ-বিধি (১) ও (২) এ বর্ণিত কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির নিয়োগের সময় মালিকের খরচে একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করিয়া উক্ত কাজের জন্য তাহার উপযুক্ততার প্রত্যয়নপত্র ফরম-২৯ অনুযায়ী গ্রহণ করিবেন।

(৫) মালিক উপ-বিধি (৪) এ উল্লিখিত সকল শ্রমিককে বৎসরে অন্তত একবার রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করিয়া উক্ত কাজের জন্য তাহার সক্ষমতার প্রত্যয়নপত্র গ্রহণ করিবেন।

(৬) উপ-বিধি (৪) ও (৫) এর অধীন স্বাস্থ্য পরীক্ষার তথ্য ফরম-৩০ রেজিস্টার অনুযায়ী চিকিৎসক ও মালিককে পৃথকভাবে সংরক্ষণ করিতে হইবে।

(৭) স্বাস্থ্য পরীক্ষা করে যদি দেখা যায় যে, কোনো শ্রমিক আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত কোনো পেশা বিষয়ক ও বিষক্রিয়াজনিত ব্যাধিতে আক্রান্ত তাহা হইলে প্রত্যয়নকারী চিকিৎসক ও প্রতিষ্ঠানের মালিক, সংশ্লিষ্ট শ্রমিক অথবা তৎকর্তৃক নির্দিষ্ট কোনো ব্যক্তি পরবর্তী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বিষয়টি ফরম-৩১ অনুসারে পরিদর্শককে অবহিত করিবেন এবং পরিদর্শক উক্ত শ্রমিককে দ্রুত ইপিজেড চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল অথবা প্রযোজ্য ক্ষেত্রে জেলা সিভিল সার্জনের নিকট পরীক্ষার জন্য প্রেরণ করিবেন।

(৮) ইপিজেড চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক অথবা প্রযোজ্য ক্ষেত্রে সিভিল সার্জন উক্ত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়া একটি প্রতিবেদন অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের নিকট দাখিল করিবেন যাহা পরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকের নিকট প্রেরণ করিবেন এবং উক্তরূপ পরীক্ষার সকল ব্যয় মালিক বহন করিবেন।

(৯) যেই সকল কাজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হইবে সেই সকল কাজের তালিকা প্রদর্শনসহ সরবরাহকৃত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদানের তথ্য ফরম-২২ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।

(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানব শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এইরূপ রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিশ সহজে সকলের দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে প্রদর্শন করিবেন।

(১১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে, প্রযোজ্য ক্ষেত্রে, Secondary Containment, Spill Prevention Procedure & Kit এর ব্যবস্থা রাখিবেন।

(১২) বিপজ্জনক কাজের জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের পরামর্শক্রমে শ্রমিকের পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬৪

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি