বিধি ৮ — শ্রমিকের চাকরির শিক্ষানবিশকাল ও স্থায়ীকরণ
শ্রমিকের চাকরির শিক্ষানবিশকাল ও স্থায়ীকরণ
(১) করণিক কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল হইবে ৬ (ছয়) মাস এবং অন্যান্য শ্রমিকের জন্য এই সময় হইবে ৩ (তিন) মাস:
তবে শর্ত থাকে যে, শ্রমিক তাহার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করিতে না পারিলে উক্ত শিক্ষানবিশকাল ৩ (তিন) মাস পর্যন্ত বর্ধিত করা যাইবে।
(২) কোনো শিক্ষানবিশ শ্রমিকের শিক্ষানবিশকাল সমাপ্ত হইলে স্থায়ীকরণ পত্র প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, যেই সকল শ্রমিকের শিক্ষানবিশকাল ৩ (তিন) মাস বর্ধিত করা হইবে সেই সকল শ্রমিকের ক্ষেত্রে উক্ত বর্ধিত মেয়াদ শেষে স্থায়ীকরণ পত্র প্রদান করা না হইলেও সংশ্লিষ্ট শ্রমিক স্থায়ী বলিয়া গণ্য হইবে।
(৩) কোনো শ্রমিকের চাকরি তাহার শিক্ষানবিশকালে বর্ধিত সময়সহ অবসান হয় এবং উহার পরবর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে যদি তিনি একই মালিক কর্তৃক পুনরায় অস্থায়ীভাবে নিযুক্ত হন তাহা হইলে তিনি একজন শিক্ষানবিশ হিসাবে গণ্য হইবেন এবং এইক্ষেত্রে শিক্ষানবিশকাল গণনার ক্ষেত্রে পূর্বের চাকরির শিক্ষানবিশকাল হিসাব করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি