বিধি ১০২ — ভবন ও যন্ত্রপাতির নিরাপত্তা
ভবন ও যন্ত্রপাতির নিরাপত্তা
(১) আইনের ধারা ৩৫(৩)(চ) এর বিধান অনুযায়ী যদি কোনো পরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো প্রতিষ্ঠানের কোনো ভবন, উহার কোনো অংশ, উহার কোনো পথ, যন্ত্রপাতি, প্ল্যান্ট বা ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থা এইরূপ অবস্থায় রহিয়াছে যে, উহা মানুষের জীবন বা নিরাপত্তার জন্য বিপজ্জনক তাহা হইলে তিনি মালিকের নিকট লিখিত আদেশ প্রদান করিয়া উহাতে উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে তাহার বিবেচনায় যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন উহা গ্রহণ করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(২) যদি মালিকের নিকট প্রতীয়মান হয় যে, তাহার প্রতিষ্ঠানের কোনো ভবন, উহার কোনো অংশ, উহার কোনো পথ, যন্ত্রপাতি, প্ল্যান্ট বা ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক অবস্থা এইরূপ অবস্থায় রহিয়াছে যে, উহা মানুষের জীবন বা নিরাপত্তার জন্য বিপজ্জনক তাহা হইলে মালিক নিজ দায়িত্বে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিবেন এবং উহার প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিতকরণে স্বীকৃত ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ফার্ম কর্তৃক পরীক্ষা করাইবেন।
(৩) উপ-বিধি (১) এর অধীন প্রদত্ত নির্দেশ বাস্তবায়নের সময় পরিদর্শক মানুষের জীবন বা নিরাপত্তার জন্য বিপজ্জনক না হইবার বিষয়টি বিবেচনায় রাখিবেন:
তবে শর্ত থাকে যে, এই বিধিমালা কার্যকর হইবার পূর্বে প্রতিষ্ঠিত, নির্মিত, চালুকৃত কারখানা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম কর্তৃক ভবনের স্থায়ীত্ব ও ওজন বহন ক্ষমতা এবং যন্ত্রপাতি ও অন্য যে কোনো কাঠামো নির্মাণের ক্ষেত্রে প্রচলিত অন্যান্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলি অনুসরণ করা হইয়াছে কিনা উহার সনদ পরিদর্শকের নিকট দাখিল এবং প্রদর্শন করিবার জন্য মালিককে নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং যাচাই করিতে পারিবেন।
(৪) এই বিধিমালা কার্যকর হইবার পর কোনো কারখানা ভবন নির্মাণ, সম্প্রসারণ, পরিবর্তন বা কোনো ভবনে কারখানা স্থাপন করিতে হইলে Bangladesh National Building Code (BNBC), 2020 ও প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক, সময় সময়, জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নির্মিত হইয়াছে মর্মে নির্মাণকারী প্রতিষ্ঠানের নিকট হইতে সনদ দাখিল করিতে হইবে।
(৫) যদি কোনো পরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো প্রতিষ্ঠানের কোনো ভবন, উহার কোনো অংশ বা উহার কোনো পথ, যন্ত্রপাতি, প্ল্যান্ট বা ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থার ব্যবহার মানুষের জীবন বা নিরাপত্তার জন্য বিপজ্জনক তাহা হইলে তিনি তাৎক্ষনিক সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিবেন।
(৬) অতিরিক্ত মহাপরিদর্শক মালিকের উপর লিখিত আদেশ জারি করিয়া, উহা যথাযথভাবে মেরামত বা পরিবর্তন না করা পর্যন্ত উহার ব্যবহার নিষিদ্ধ করিতে পারিবেন।
(৭) পরিদর্শক কর্তৃক প্রদানকৃত সময়সীমার মধ্যে মালিক বা কারখানা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কোনো ভবন, উহার কোনো অংশ, উহার কোনো পথ, যন্ত্রপাতি বা প্ল্যান্ট বন্ধ করিতে ব্যর্থ হইলে অতিরিক্ত মহাপরিদর্শক উহা বন্ধ করিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
(৮) উপ-বিধি (১) অনুযায়ী পরিদর্শক কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশিত নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করিতে কোনো মালিক বা কারখানা ব্যবস্থাপনা ব্যর্থ হইলে উহা অপরাধ বলিয়া গণ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি