বিধি ৬৪ — শিশু কক্ষ
শিশু কক্ষ
(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে ৪০ (চল্লিশ) বা ততোধিক মহিলা শ্রমিক নিয়োজিত রহিয়াছেন এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে তাহাদের ৬ (ছয়) বৎসরের কম বয়সী শিশু সন্তানের জন্য এক বা একাধিক উপযুক্ত শিশু কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে।
(২) শিশু কক্ষে যথেষ্ট স্থান সংস্থান, আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকিবে উহা পরিষ্কার- পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মতভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে তাছাড়া কক্ষটি শিশুর পরিচর্যার জন্য অভিজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার তত্ত্বাবধানে থাকিবে।
(৩) শিশু কক্ষের জন্য নির্মিত বা অভিযোজিত ভবনের নকশা, মান এবং অবস্থান অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।
(৪) শিশু কক্ষ শিশুর মায়ের জন্য সহজগম্য হইতে হইবে যাহাতে দুগ্ধদানকারী মায়েরা নিরাপদে ও শালীনতা বজায় রাখিয়া শিশুকে দুগ্ধ পান করাইতে পারেন এইরূপ স্বতন্ত্র একটি কক্ষ অথবা পর্দাঘেরা একটি স্থান থাকিতে হইবে।
(৫) শিশু কক্ষটি প্রতিষ্ঠানের এইরূপ কোনো অংশের সংলগ্ন বা নিকটে অবস্থিত হইবে না যেই স্থান হইতে অস্বস্থিকর ধোঁয়া, ধূলা, বালি বা গন্ধ নির্গত হয় অথবা নির্দিষ্ট মানের অতিরিক্ত শব্দ মাত্রায় কাজ-কর্ম পরিচালিত হয়।
(৬) শিশু কক্ষ মজবুতভাবে নির্মাণ করিতে হইবে এবং উহার সকল দেওয়ালে ও ছাদে উপযুক্ত তাপ প্রতিরোধক বস্তু থাকিতে হইবে এবং ইহা পানি-রোধক হইতে হইবে।
(৭) শিশু কক্ষের মেঝে এবং মেঝে হইতে ১.২২ মিটার পর্যন্ত অভ্যন্তরের দেয়াল এইরূপভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে উহা মসৃণ এবং অভেদ্য উপরিতল বিশিষ্ট হয় এবং উক্তরূপ কক্ষের উচ্চতা মেঝে হইতে ছাদের সর্বনিম্ন অংশ পর্যন্ত ৩৬০ (তিনশত ষাট) সেন্টিমিটারের নিম্নে হইবে না এবং উহাতে অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ হইবে কমপক্ষে ৬০০ (ছয়শত) বর্গ সেন্টিমিটার।
(৮) শিশু কক্ষের প্রত্যেক অংশের জন্য পর্যাপ্ত আলো-বাতাস ও মুক্ত বায়ু সঞ্চালনের উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা থাকিতে হইবে।
(৯) শিশু কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে এবং প্রত্যেক মা যখন শিশুকে দুদ্ধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন তখন তাহার ব্যবহারের জন্য একটি চেয়ার বা এই প্রকারের কোনো বসিবার ব্যবস্থা থাকিতে হইবে।
(১০) শিশু কক্ষে থাকা প্রতিটি শিশুর জন্য প্রতিদিন ০.২৫ লিটার দুধ এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার সরবরাহ করিতে হইবে।
(১১) শিশু কক্ষের কর্মচারীরা উক্ত কক্ষে কর্মরত থাকাকালীন তাহাদের ব্যবহারের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক সরবরাহ করিতে হইবে।
(১২) শিশু কক্ষে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
(১৩) বয়স্ক শিশুর জন্য পর্যাপ্ত ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে এবং একটি উপযুক্ত ঘেরাও দেওয়া ছায়াময় উম্মুক্ত খেলার মাঠ থাকিবে:
তবে শর্ত থাকে যে, অতিরিক্ত মহাপরিদর্শক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্তরূপ খেলার মাঠ করিবার জন্য প্রতিষ্ঠানের যথেষ্ট জায়গা নাই তাহা হইলে তিনি লিখিত আদেশ দ্বারা কোনো প্রতিষ্ঠানকে এই বিধান হইতে অব্যাহতি প্রদান পারিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি